প্রকৃতি ও ভ্রমণপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য জলপ্রপাত। আর এক্ষেত্রে পছন্দের তালিকায় এগিয়ে বান্দরবানের তিনাপ সাইতার জলপ্রপাত। পানি প্রবাহের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত বান্দরবানের তিনাপ সাইতার যেন সেই নৈসর্গিক অবগাহনেরই নামান্তর।
তিনাপ সাইতার বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত যা এখন বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। অনেকের কাছে এটি পাইন্দু সাইতার নামেও পরিচিত। তিনাপ সাইতার যেতে হলে হেঁটে পাড়ি দিতে হবে ৪০ কিলোমিটার পথ। আবার সেই পথেই ফিরে আসতে হবে। বম ভাষায় সাইতার শব্দের অর্থ ঝর্ণা।
বান্দরবান পৌঁছে বাস থেকে নেমে রোয়াংছড়ির বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে যেতে হবে রোয়াংছড়ি। সেখান থেকে গাইড নিয়ে ২৩ কিমি হেঁটে যেতে হবে রনিন পাড়া। রাতে রনিন পাড়ায় থেকে পরের দিন ৪/৫ ঘণ্টা হেটে পাইন্দু খাল ও বিশাল পাহাড় পেরিয়ে যখন চোখের সামনে অকস্মাৎ উদিত হয়, এই তিনাপ সাইতার, সকল কস্ট, বেদনা নিমেষে পরিণত হয়, অদ্ভুত এক ভালোলাগায়, অদ্ভুত এক মাদকময় নেশায়।
এটি ট্রেকিং-এর জন্য সবচেয়ে কঠিন পথ। অর্থাৎ মনের প্রবল ইচ্ছাশক্তি এবং শারীরিক সহ্য ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই এর চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারবেন। কেপ্লং পাড়া, পাইখং পাড়া, রনিন পাড়া, এবং সবশেষে দেবাছড়া পাড়ার পর তিনাপ ঝর্ণা। এই পথ যেমন সুন্দর তেমনই কঠিন, যা পর্যটকদেরকে বিভ্রমে ফেলে দিতে পারে।
রনিনপাড়ায় পাহাড়ের উপরে আদিবাসিদের চালাঘর থেকে দূরে চোখে পড়বে ২,৯৪০ ফুট উচু সিপি আরসুয়াং। শীতের মৌসুমে দেখা যাবে এই চূড়ার আশেপাশের পাহাড়গুলো সব মেঘে ঢাকা।
দেবাছড়া পাড়া থেকে পাহাড়ি ছড়ায় নামার পর দুই পাশে জঙ্গলাকীর্ণ পাহাড়ের মাঝে চোখে পড়বে গয়ালের সারি। শ্যাওলা ভরা স্যাঁতস্যাঁতে এই পথটি স্বাপদসংকুলও বটে। হঠাৎ করে সাপ অথবা কাঁকড়া চোখে পড়াটাও বিচিত্র কিছু নয়।
শেষের দিকে পাইন্দু খালপথটি সবচেয়ে বেশি সুন্দর সেই সঙ্গে বেশি বিপদের আশঙ্কাযুক্ত। বিভিন্ন পাহাড়ের আঁকা-বাকা পথ বেয়ে প্রায় ১৫০ ফুট উপর থেকে পড়ে তিনাপের ঝর্ণা। নিচের স্বচ্ছ পানিতে দেখা যায় স্রোতের তোড়ে ভেসে আসা গাছ এবং বিশালাকার সব পাথর। দু’পাশ ঘিরে খাড়া উপরের দিকে উঠে যাওয়া সবুজ পাহাড় জায়গাটিকে যেন প্রাকৃতিক এক স্নান ঘরে রূপ দিয়েছে।
স্রোতের মাঝের পাথরগুলোর যে কোন একটিতে দাড়িয়ে এমনকি প্রপাতের ঠিক নিচে দাড়িয়েও গোসল করা যায় ঝর্ণার ঠাণ্ডা পানিতে। পড়ন্ত জলের প্রতিটি আঘাতে শরীরে বয়ে যাওয়া শিহরণ যাত্রাপথের সমূহ ক্লান্তি ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
#Bdlg #localguidesbd #bangladeshlocalguie
#localguideconnect
#TinapSaitar #Bandarban
























