নদীমাতৃক বাংলাদেশ বলতে আমরা সাধারণত বুঝি গ্রামের সুন্দর নদী, পাখির কলকাকলি আর নির্মল বাতাস। নদী মূলত আমাদের গ্রামের অন্যতম পছন্দের একটি অনুষঙ্গ। তবে গ্রামের বাইরেও ব্যস্ততম ঢাকা শহরের বুকে নদীর ভিন্ন এক বৈচিত্র্য ও সৌন্দর্য রয়েছে, যা আপনাকে নতুন করে ভাবাবে। বিশেষ করে ঢাকার বুড়িগঙ্গা নদীতে মাঝিদের জীবনসংগ্রাম, ডিঙ্গি নৌকায় যাত্রী পারাপার এবং কর্মব্যস্ত মানুষের জীবনের যে জীবন্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে, তা সত্যিই অনন্য। পুরান ঢাকার লালবাগ ও কেরানীগঞ্জের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো এই ডিঙ্গি নৌকা।
খুব সকালে গেলে নদীর নির্মল হাওয়া উপভোগের পাশাপাশি এই অপরূপ দৃশ্যগুলো স্পষ্টভাবে চোখ পড়ে। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় ডিঙ্গি নৌকার মাধ্যমে এপার-ওপারের পারাপার। এই নৌকায় নদীর এপার থেকে ওপার যেতে জনপ্রতি ভাড়া ১০ টাকা এবং পুরো নৌকা রিজার্ভ নিলে ভাড়া পড়ে ৪০ টাকা।
নদীর ঘাট থেকে ঢাকা শহরের নানা রঙের জীবনচিত্র দেখা যায়। খুব সকালে জীবিকার তাগিদে ছুটতে থাকা ব্যস্ত মানুষ কিংবা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিমুখে রওনা হওয়া শিক্ষার্থীদের ভিড়ে মুখরিত থাকে চারপাশ। ঘাটে সারিবদ্ধভাবে একের পর এক নৌকা সাজিয়ে রাখেন মাঝিরা এবং নির্দিষ্ট সিরিয়াল বজায় রেখেই ঘাট থেকে নৌকা ছেড়ে যায়।
কাজের চাপে ব্যস্ত এই ঢাকায় যে এমন এক টুকরো সজীবতা ও ভিন্নতর সৌন্দর্য লুকিয়ে আছে, তা সরেজমিনে লালবাগ ও বুড়িগঙ্গার এই ঘাটগুলোতে না এলে হয়তো বোঝাই যাবে না।
