ছবিঃ জয়স্তম্ভ
নওগাঁ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন হলো পত্নীতলা উপজেলার দিবর দিঘীর মধ্যে অবস্থিত ‘দিব্যক জয়স্তম্ভ’ বা ‘দিবর স্তম্ভ’। পাল বংশকে পরাজিত করে বিজয় অর্জনের স্মৃতি চিহ্ন হিসাবে দিঘীর মাঝখানে এ জয়স্তম্ভ স্থাপন করা হয়।
ছবিঃ দিব্যক জয়স্তম্ভ
প্রায় ৬০ বিঘা বা অর্ধ বর্গমাইল জমির উপরে অবস্থিত দিবর দিঘীর দিব্যক জয়স্তম্ভকে ঘিরে গড়ে উঠেছে দিঘীর চারপাশে মনোরম পরিবেশ। দিবর দিঘীর মধ্যস্থলে আশ্চর্যজনক ভাবে স্থাপিত আটকোন বিশিষ্ট অখন্ড গ্রানাইট পাথরের স্তম্ভ বাংলাদেশে বিরল যা সূদুর অতীতের বাঙ্গালীর শৌর্যবীর্যের সাক্ষ্য বহন করে চলেছে এখনো। এ স্তম্ভের সর্বমোট উচ্চতা ৩১ ফুট ৮ ইঞ্চি। জরিপকালে পানির নিচের অংশ ৬ ফুট ৩ ইঞ্চি এবং পানির উপরের অংশ ২৫ ফুট ৫ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। এ স্তম্ভের ব্যাস ৭৩ সে.মি. (২৯ ইঞ্চি)। প্রতিটি কোনের পরিধি ১ ফুট ৩.৫ ইঞ্চি। (জরিপ তথ্য সংগ্রহীত) এ স্তম্ভে কোন লিপি নেই। স্তম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত যা দেখতে প্রায় মিনারের মতো গোল। স্তম্ভের উর্ধাংশে আছে ৩ টি বলয়াকারের স্ফীত রেখা এবং তার উপরে আছে আমলকের অলঙ্করন এবং শীর্ষদেশে আছে স্ফীতরেখার উপরে আমলকের অলঙ্করনের উপরে আছে জাতীয় অলংকরন। স্তম্ভটি খুবই দক্ষতার সাথে বিজ্ঞানসম্মতভাবে তৈরি এবং স্থাপন করা হয়েছিল বলে এত শতাব্দী পরেও তা বিন্দুমাত্র হেলেনি এবং বরাবরের মতো সোজা অবস্থায়ই এখনো জলাশয়ের মাঝে দন্ডায়মান। এই স্তম্ভটির চারপাশের বিশাল দিঘীর নয়নাভিরাম জলরাশি মুগ্ধ করে স্তম্ভটির দেখতে আসা সকল দর্শনার্থীদের।
ছবিঃ দিবর দিঘী
দিব্যক জয়স্তম্ভ প্রতিষ্ঠার উদ্দেশ্যঃ
দিব্যক জয়স্তম্ভের ইতিহাস নিয়ে নানা মতভেদ রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় মহিপালের আমলে ১০৭৫ সালে বাংলার কৈবর্ত্য সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পায়। মহিপালের রাজসভায় এই কৈবর্ত্যরা উচ্চ পদে অধিষ্ঠিত ছিল। দ্বিতীয় মহিপাল ছিল দুর্বল ও চরিত্রহীন শাসক। দ্বিতীয় মহিপালের অযোগ্যতার কারনে বাংলায় অসন্তোষ বৃদ্ধি পায়। কিছু সেনাপতি ও বিপথগামী লোক এ সুযোগে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে হত্যা করে। দিব্যক সর্বসম্মতিক্রমে বরেন্দ্রভূমির অধিপতি নির্বাচিত হন। দিব্যকের শাসনামল ছিল ১০৭৫-১১০০ সাল পর্যন্ত। দ্বিতীয় মহিপালের সময় তিনজন রাজা বাংলায় শাসন করেন। এরা হলেন - দিব্যক, রুদ্রক ও ভীম। বৃটিশ ভারতীয় বিশিষ্ট ইতিহাস লেখক বুকারন হ্যামিলটন পূর্ব ভারতীয় অঞ্চলে ঐতিহাসিক স্থানগুলোর উপর জরিপ করে একটি তালিকা প্রনয়নের জন্য এই অঞ্চলে আগমন করেন। তিনি ১৭৮৯ সালে দিঘীর পার্শ্বে এসে উপস্থিত হন এবং জরিপ করেন।
ছবিঃ দিব্যক জয়স্তম্ভ
বুকারন হ্যামিলটন এ দিঘীটিকে কৈবর্ত্যদের বলে উল্লেখ করেন। তার মতে জনৈক ধীবর রাজা এটি তৈরি করেন। তবে বৃটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহামের মতে, একাদশ শতাব্দির কৈবর্ত্য রাজা দিব্যকের ভ্রাতা রুদ্রকের পুত্র প্রখ্যাত নৃপতি ভীমের কীর্তি এটি। এ স্তম্ভের প্রতিষ্ঠাতা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও আজ অবধি দিব্যকের কীর্তি বলে অত্র অঞ্চলে প্রবাদ প্রচলিত রয়েছে। ধারনা করা হয়, এই শাসনামলে পাল বংশকে পরাজিত করে বিজয় অর্জনের স্মৃতি চিহ্ন হিসাবে দিঘীর মাঝখানে এই জয়স্তম্ভ স্থাপন করা হয়।



