When in Rajshahi, Don’t Miss Kalai Ruti!

হ্যালো Local Guides!

রাজশাহী ভ্রমণের কথা উঠলেই আমার কাছে সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলোর কথা মনে পড়ে। আর সেই তালিকায় কালাই রুটি থাকবে না, তা তো হতেই পারে না।

কালাই রুটি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে রাজশাহীতে বিভিন্ন জায়গায় কমবেশি এই খাবারটি পাওয়া যায়। রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারের কথা বলতে গেলে কালাই রুটির নাম অবশ্যই চলে আসে।

আমি @Papel_Mahammud, বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির একজন Local Guide। ভ্রমণ করতে এবং নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার স্থানীয় খাবার উপভোগ করতে আমার বেশ ভালো লাগে। কোথাও ভ্রমণে গেলে সেই এলাকার বিখ্যাত বা জনপ্রিয় খাবারগুলো খুঁজে বের করে খাওয়ার চেষ্টা করা অনেকটা আমার অভ্যাসে পরিণত হয়েছে।

বেশ কয়েক মাস আগে রাজশাহী যাওয়ার সুযোগ হয়েছিল এবং কয়েকদিন সেখানে থাকারও সুযোগ হয়। সেই সময় রাজশাহীর বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার ট্রাই করার চেষ্টা করেছিলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খাওয়ার সেই অভিজ্ঞতা।

রাজশাহীতে বিভিন্ন জায়গায় কালাই রুটি পাওয়া যায়। তবে আমরা গিয়েছিলাম “কালাই ঘর”নামের একটি পরিচিত রেস্টুরেন্টে। এটি বেশ পুরোনো ও পরিচিত একটি দোকান, যেখানে স্থানীয়দের পাশাপাশি অনেকেই কালাই রুটি খেতে আসেন।

Google Maps Location: Google Maps

রাতের দিকে আমরা কালাই রুটি খাওয়ার জন্য সেখানে যাই। যাওয়ার পর দেখলাম বেশ ভালোই ভিড়। সিট পাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। রেস্টুরেন্টের ভেতরে যেমন মানুষ বসে খাচ্ছিলেন, তেমনি বাইরেও বসার ব্যবস্থা ছিল এবং সেখানেও অনেক মানুষ কালাই রুটির স্বাদ নিচ্ছিলেন।

কালাই রুটি খাওয়ার একটা মজার বিষয় হচ্ছে, এটি গরম গরম খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে রুটিটা কিছুটা শক্ত হয়ে যায় এবং তখন আগের মতো মজা পাওয়া যায় না। তাই আমাদের সামনে যখন রুটিগুলো তৈরি করে গরম গরম পরিবেশন করা হলো, তখনই খাওয়া শুরু করলাম।

আমরা অর্ডার করেছিলাম কালাই রুটির সঙ্গে বেগুন ভর্তা এবং হাঁসের মাংস। এর সঙ্গে ছিল মরিচ-রসুন বাটা ও সরিষার তেল। গরম কালাই রুটির সঙ্গে এই ভর্তা আর হাঁসের মাংসের কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে।

সবচেয়ে ভালো লেগেছে, আমাদের চোখের সামনেই কালাই রুটিগুলো তৈরি করে সেঁকে পরিবেশন করা হচ্ছিল। ফলে রুটিগুলো একেবারে গরম এবং ফ্রেশ অবস্থায় খেতে পেরেছি।

যারা কালাই রুটি সম্পর্কে জানেন না, তাদের জন্য একটু বলি। মূলত মাষকলাইয়ের ডালের আটা বা ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে এর খামির বা কাই তৈরি করা হয়। অনেক সময় সামান্য গমের আটাও ব্যবহার করা হয়। সাধারণ গমের রুটির তুলনায় কালাই রুটি বেশ পুরু এবং আকারেও বড় হয়।

আর এই রুটি তৈরির পদ্ধতিটাও বেশ আলাদা। সাধারণ রুটির মতো বেলন-পিঁড়ি দিয়ে এটি তৈরি করা হয় না। দুই হাতের তালু ভিজিয়ে কাই ঘুরিয়ে ঘুরিয়ে বড় ও গোল আকৃতি দেওয়া হয়। এরপর মাটির তাওয়া বা খোলায় উচ্চ তাপে সেঁকে রুটিটাকে পোড়া পোড়া ও বাদামি রঙ দেওয়া হয়।

আমার কাছে কালাই রুটির আসল মজাটা এর সরলতার মধ্যেই। গরম গরম কালাই রুটি, সঙ্গে ভর্তা, মরিচ-রসুন বাটা, সরিষার তেল আর হাঁসের মাংস—সব মিলিয়ে বেশ একটা দেশি স্বাদ পাওয়া যায়। বিশেষ করে শীতের সকাল বা সন্ধ্যায় আড্ডার সঙ্গে এই খাবারটা আরও বেশি উপভোগ্য হবে বলে মনে হয়।

তবে কালাই ঘরের পরিবেশ নিয়ে যদি বলি, তাহলে সেটা খুব একটা আহামরি নয়। এটি মূলত রাস্তার পাশে অবস্থিত একটি সাধারণ রোডসাইড রেস্টুরেন্ট। সাজসজ্জা বা পরিবেশের চেয়ে এখানকার মূল আকর্ষণ হচ্ছে খাবার। প্রচুর মানুষ এখানে কালাই রুটি খেতে আসেন এবং আমাদের অভিজ্ঞতায় খাবারের মান বেশ ভালোই ছিল।

একজন Local Guide হিসেবে আমি সাধারণত যে কাজগুলো করতে পছন্দ করি, তার মধ্যে রয়েছে বিভিন্ন লোকেশনের ছবি ও ভিডিও Google Maps-এ আপলোড করা, রিভিউ দেওয়া এবং কোনো লোকেশনের সময়সূচি বা যোগাযোগের তথ্য ভুল থাকলে সেগুলো যাচাই করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা। ছোট ব্যবসাগুলোকে Google Maps-এর মাধ্যমে সাপোর্ট করার অংশ হিসেবেই আমি এসব কাজ করে থাকি। কালাই ঘরের ক্ষেত্রেও আমি আমার অভিজ্ঞতা ও লোকেশনের তথ্য Google Maps-এ শেয়ার করেছি।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, এখানকার কালাই রুটির স্বাদ বেশ ভালো লেগেছে। স্বাদের দিক থেকে আমি এটাকে ১০-এর মধ্যে ৮ দেব।

তবে খাবারের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনাদের ধারণা দেওয়ার জন্য মেনু কার্ডের ছবিটাও শেয়ার করছি। যাওয়ার আগে বর্তমান দামগুলো একবার দেখে নিলে ভালো হবে, কারণ সময়ের সঙ্গে দাম পরিবর্তন হতে পারে।

সবশেষে একটা কথাই বলব, যদি কখনো রাজশাহী ভ্রমণে যান, তাহলে অবশ্যই সেখানকার কালাই রুটি ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে গরম গরম কালাই রুটি, ভর্তা আর হাঁসের মাংসের এই কম্বিনেশনটা আমার কাছে বেশ উপভোগ্য ছিল।

আপনাদের মধ্যে যারা রাজশাহীর কালাই রুটি খেয়েছেন, তাদের অভিজ্ঞতা কেমন? আর রাজশাহীতে আপনাদের প্রিয় কালাই রুটির দোকান কোনটি?

শেয়ার করতে পারেন কমেন্টে।

20 Likes

Great Bangladesh Traditional munchies and writing @Papel_Mahammud

2 Likes

এতো সুন্দর করে গুছিয়ে লিখছেন ভাই :heart::heart: @Papel_Mahammud

1 Like

@Papel_Mahammud Kalai Ruti is a favorite dish of mine as well, I have heard that excellent quality Kalai Ruti served with various types of bhorta (mashed vegetable/meat dishes) and duck meat is available in Rajshahi. I found your post very helpful and hope it will come in handy when I visit Rajshahi in the future

2 Likes

আপনাকে অনেক ধন্যবাদ @Papel_Mahammud এত বিখ্যাত খাবার, আমাদের সাথে শেয়ার করার জন্য।
ইনশাআল্লাহ রাজশাহী গেলে এর স্বাদ নিতে হবে।

1 Like

@Papel_Mahammud বাহ চমৎকার লিখা

1 Like

ধন্যবাদ ভাইয়া।এতো সুন্দর করে রিভিউ দেয়ার জন্য।সামনে ডিসেম্বরে যাওয়ার প্ল্যান আছে।সেক্ষেত্রে আপনার রিভিউ আমার অনেক কাজে লাগবে।আর কালাই রুটি ট্রাই করে আমার অনুভুতি সহ রিভিউ শেয়ার করবো @Papel_Mahammud

1 Like

কালাই রুটি আমার অনেক ফেভারেট ভাই! রাজশাহীতে গেলে আমি ওদিকে যাবো অবশ্যই!

আপনি গিয়েছেন দেখে খুব ভালো লাগছে!