শাপলা বিলের সৌন্দর্যে মোড়া এক মুগ্ধকর সিলেট ভ্রমণ

শাপলা বিলের সৌন্দর্যে মোড়া এক মুগ্ধকর সিলেট ভ্রমণ

২০শে ডিসেম্বর, ২০২৪। অনেকদিন পর কাজের ব্যস্ততা কাটিয়ে পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা করি। হোটেলের আরামদায়ক পরিবেশ আর আন্তরিক সেবার জন্য প্রথম দিন থেকেই মনে হয়েছিল, এ ভ্রমণ বিশেষ কিছু হবে।

সকালে হোটেলে নাস্তা করে গাড়ি নিয়ে জাফলংয়ের পথে রওনা দিই। পথিমধ্যে আমাদের সাথে যোগ দেয় অমিত

, সে সেখানেই বিডিআরে চাকরি করে, অমিত ছিলেন পুরো ভ্রমণে আমাদের গাইড। তার উপস্থিতি ভ্রমণকে যেমন সহজ করেছে, তেমনি আনন্দময় করে তুলেছে।

জাফলংয়ের সীমান্তের সৌন্দর্য, তামাবিলের সবুজ পাহাড় আর পাথুরে নদীর দৃশ্য মুগ্ধ করে। এরপর শ্রীপুর চা-বাগানে যাই। সবুজ চা-বাগানে হাঁটার সময় আমরা বেশ কিছু ছবি তুলি। ছোট্ট আইয়াজ দৌড়াদৌড়ি করে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

পরবর্তী গন্তব্য ছিল শাপলা বিল। অমিত আমাদের এখানে নিয়ে যাওয়ার পরপরই আমরা মুগ্ধ হয়ে যাই। বিলজুড়ে শাপলার মনোরম দৃশ্য যেন স্বর্গের মতো লাগে। বিলের পানিতে নৌকাভ্রমণ করি, আর শাপলার মাঝে দাঁড়িয়ে অসাধারণ কিছু ছবি তুলি। উইন ভাবি আর অনন্যা নৌকার ধারে বসে দীর্ঘক্ষণ ছবি তুলতে থাকে। শিশির ভেজা বাতাসে মন যেন হালকা হয়ে যায়।

এরপর আমরা যাই আগুন পাহাড়ে। এখানকার পাথুরে ভূমি আর সেখান থেকে বিচ্ছুরিত আলোর মতো দৃশ্য ভ্রমণে এক অন্যরকম মাত্রা যোগ করে।

সন্ধ্যা হয়ে আসায় আমরা সিলেটে ফিরে আসি। রাতের খাবার খেতে বিখ্যাত পাচভাই রেস্টুরেন্টে যাই। ঐতিহ্যবাহী খাবার দিয়ে রাতের খাবার সেরে হোটেলে ফিরে বিশ্রাম নেই। হোটেলে ফিরে সবাই বেশ ক্লান্ত থাকলেও পরের দিনের পরিকল্পনা নিয়ে উত্তেজিত ছিল।

পরদিন সকালে গাড়ি নিয়ে আমরা রাতারগুল জলাবনে যাই। ছোট নৌকায় করে বন ঘুরে দেখা ছিল এক অনন্য অভিজ্ঞতা। চারপাশে গাছের ঝুলন্ত শিকড়, পানির মধ্যে বন আর পাখির কিচিরমিচির শব্দ আমাদের প্রকৃতির গভীরে ডুবিয়ে দেয়। এরপর যাই সাদা পাথরের এলাকায়। এখানকার স্বচ্ছ পানির নিচে সাদা পাথরের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।

বিকেলে পানসি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। এখানকার চিংড়ি মালাইকারি আর ভর্তা ছিল লোভনীয়। খাবারের পর হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে পরের দিনের জন্য প্রস্তুতি নেই।

তৃতীয় দিনে আমরা কালনী ট্রেনে করে শ্রীমঙ্গলে যাই। প্রথমে নূরজাহান টি স্টেট, লাউয়াছড়া জাতীয় উদ্যান হয়ে আমরা মাধবকুণ্ড লেক, এরপর দার্জিলিং টিলা দীর্ঘ সময় কাটাই।

রাতের ট্রেনে আমরা ঢাকার পথে রওনা দিই।

তিন দিনের এই ভ্রমণে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করিনি, বরং একে অপরের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। শাপলা বিলের ছবিগুলো, রাতারগুলের স্মৃতি আর চায়ের স্বাদ আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

14 Likes

সুন্দর পোস্ট ভাই :black_heart:

1 Like

সুন্দর একটি পোষ্টের মাধ্যমে কানেক্ট এ ফিরে আসার জন্য ধন্যবাদ @Bashirulislam ভাই, আশাকরি এই ধারা অব্যহত থাকবে।

আমার একবার হয়েছিল জাফলং কিন্তু জানা ছিল না এইখানে শাপলা বিল আছে একটা।

1 Like