বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার ‘দ্য রেপটাইলস ফার্ম লিমিটেড’। যার অবস্থান ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে।
২০০৪ সালে ১৫ একর জমিতে মাত্র ৭৪টি কুমির নিয়ে খামারটি যাত্রা শুরু করেছিল। বর্তমানে খামারটিতে ৩ হাজারের বেশি কুমির রয়েছে।
এদিকে খামারটি থেকে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৫০৭টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়েছে বলে জানান রেপটাইলস ফার্মস লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আরিফ। প্রতিটি চামড়ার আন্তর্জাতিক বিক্রয়মূল্য ৫০০-৬০০ ডলার।
খামারটি সংকটের পর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। পর্যটকদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমির খামারটি উন্মুক্ত। টিকিটের প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫০ টাকা, অপ্রাপ্ত ও শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা।
তবে সম্প্রতি ফার্মটি নিলামে বিক্রি করা হয়েছে নানা সমস্যার কারনে। নিলামে খামারটি কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন।
এ বিষয়ে রেপটাইলস ফার্মস লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আরিফ জানান, ২০০৪ সালে উপজেলার উথুয়া ইউনিয়নের হাতিবেড় গ্রামে প্রায় ১৫ একর জমিতে মাত্র ৭৪টি কুমির নিয়ে ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ নামে দেশের প্রথম এ কুমির খামারটি চালু করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। পরে ২০১৩ সালে মুশতাক আহমেদের কাছ থেকে খামারটি কিনে নেন পি কে হালদার ও তার সহযোগীরা। খামার সম্প্রসারণ করতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭ কোটি টাকার বেশি ঋণ নেন পি কে হালদার। জামানত হিসেবে ফার্মের জমি ব্যবহার করা হয়।
মোহাম্মদ আরিফ আরও জানান, ২০১৫ ও ২০১৬ সালে ফার্মের নামে ঋণ বাড়ানো হয়। চার কোটি ২৮ লাখ মূল্যের বন্ধকি জমির বিপরীতে এখন বকেয়া খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা।


