বাংলাদেশ বাইসাইকেল কমিউনিটি বিডিসাইক্লিস্টস (BDCyclists) এর উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে র্যালির আয়োজন করা হয়ে থাকে। ১৬ই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে রাজধানী ঢাকায় এক বিশাল বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বিডিসাইক্লিস্টস এর একজন মেম্বার হিসাবে আমি এই র্যালিতে অংশগ্রহণ করেছিলাম।
র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সকাল ৮:১৫ মিনিটে শুরু হয়ে কলাবাগান, সাইন্সল্যাব, নিউমার্কেট, ইডেন কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট হয়ে আবার সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। এটি শেষে হতে প্রায় ১:২০ মিনিটের মতো সময় লাগে।
ঢাকা এবং এর আশেপাশের জেলা শহর থেকে প্রায় ৬/৭ হাজার বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ সাইক্লিস্ট এই র্যালিতে অংশ নেয়। সবার পরনে ছিল লাল-সবুজ রঙের টি শার্ট। কারো সাথে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ঢোলের শব্দের তালে তালে র্যালি এগিয়ে চলে।
সাধারণত ১৬ ডিসেম্বর ঢাকায় অনেক ভিআইপি মুভমেন্ট থাকে। অনেক সড়কে যানবাহন চলাচল সীমিত থাকে। এর পরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যথেষ্ট আন্তরিকতার সাথে এই র্যালি সম্পন্ন করার জন্য সহযোগিতা করে। সড়কের দুই পাশে নগরবাসী দাঁড়িয়ে আমাদের অভিনন্দনা জানায়।
আনন্দ, বিনোদন এবং সুস্বাস্থের জন্য নিয়মিত সাইক্লিং করুন।




