সাদাপাথর সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। পাহাড়ি নদীর পানিতে পাথর বেষ্টিত চক্ষু তৃষ্ণা মেটানোর মত এক মনোরম প্রাকৃতিক সৃষ্টি। ভোলাগঞ্জ গ্রাম পুরোটাই রোপওয়ে, পাথর কেয়ারী, নদী আর পাহাড়ে ঘেরা। একসময় ভারতের তৎকালীন আসাম রাজ্যের রাজধানী শিলংয়ে মানুষ এই পথ ধরেই আশা যাওয়া করতেন। কালের পরিবর্তনে এটি হয়ে উঠে রোপওয়ে আর পাথর কেয়ারি। ধলাই নদীর রূপ, সবুজ ঘেরা পাহাড় আর আকাশের সৌন্দর্য বেষ্টিত এই মনোলোভা দৃশ্য দেখতে প্রতিদিন এখানে পর্যটকরা এখানে ভিড় জমায়।প্রকৃতির হাতে গড়া নিখুঁত ছবির মতোই সুন্দর এই সাদাপাথর।পানির সাথে ছোট বড় পাথরের সাথে চিক চিক করা বালু মিলে যেন এক পাথরের রাজ্য এটি।নদীর হাঁটু সমান টলটলে পানির নিচে বালুর গালিচা। দূর পাহাড়ে মেঘের ছড়াছড়ি এ এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার। ভোলাগঞ্জ এ রয়েছে একটি কাস্টম স্টেশন, এদিকে আমদানি রপ্তানির গাড়ি আশা যাওয়া করে। এই সাদাপাথর ভোলাগঞ্জ এর দৃশ্য নিজ চোখে পরখ যেন না করলেই নয়।
এখানে যেতে হলে বাংলাদেশের যেকোনো শহর থেকে প্রথম সিলেট আসতে হবে। তারপর সিলেট শহরের আম্বরখানা থেকে সাদাপাথর ভোলাগঞ্জ যাওয়ার জন্য বিআরটিসি অথবা সাদাপাথর পরিবহন দিয়ে সাদাপাথর ভোলাগঞ্জ যাওয়া যায়। তারপর সাদাপাথর নৌকা ঘাট থেকে নৌকা নিয়ে জিরো পয়েন্ট যেতে হয়, এখানে নৌকা ভাড়া ৮০০ টাকা।এছাড়াও সিএনজি চালিত অটো রিকশা অথবা নিজস্ব গাড়ি দিয়েও যাতায়াত করা যায়। আর থাকার জন্য ভোলাগঞ্জ থাকার ভালো কোন জায়গা নেই তাই সিলেট শহরেই দরগা গেইট এলাকায় ভালো ভালো হোটেল রয়েছে সেখানে থাকা ভালো।
