প্রিয় লোকাল গাইডস,
আশা করছি, সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। কয়েক মাস আগে আমি বরিশাল জেলার বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি আর আজকে এ জেলার প্রথম স্থান অধিকার করে নেওয়া ‘মিয়াবাড়ি মসজিদ’ সম্পর্কে আলোচনা করা হবে।
বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। নানান ঐতিহ্যের মধ্যে বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর স্থাপত্য শৈলী, হৃদয়কাড়া নান্দনিক কারুকাজ এবং ঐতিহাসিক পটভূমি আমাদের ঐতিহ্য ও সমৃদ্ধি পরিচায়ক। সেই ঐতিহ্যকে হৃদয়ে লালন করে আজকে আমরা জানতে চলেছি বরিশাল জেলার ‘মিয়াবাড়ি মসজিদ’ সম্পর্কে।
কড়াপুর মিয়াবাড়ি মসজিদ মুঘল আমলে নির্মিত বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলির মধ্যে একটি। মসজিদটি বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর গ্রামে অবস্থিত। ধারণা করা হয়, আঠারো শতকে হায়াত মাহমুদ মসজিদটি নির্মাণ করেন। চমৎকার নকশা, অসাধারণ কারুকার্যের জন্য মসজিদটিকে “মুঘল আমলের রত্ন” হিসেবে উল্লেখ করা যেতে পারে।
আয়তাকার এ মসজিদটির ওপরে তিনটি ছোট গম্বুজ আছে, যার মধ্যে মাঝখানের গম্বুজটি একটু বড়। আর এই গম্বুজটির ভেতরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। মূল মসজিদের রয়েছে তিনটি দরজা। রয়েছে আটটি বড় মিনার। বড় মিনারগুলোর মধ্যে রয়েছে ছোট আরও ১২টি মিনার। মসজিদের বাইরের কাঠামোতেও রয়েছে কারুকার্য। এছাড়াও মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি দিঘি রয়েছে, যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়েছে।
মূল মসজিদটি দোতলায় আর দোতলায় ওঠার জন্য রয়েছে আলীশান সিঁড়ি। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে বসার ব্যবস্থাও রাখা হয়েছে। সিঁড়ির নিচে রয়েছে দুটি কবর। এর মধ্যে একটি ছোট। কিন্তু কবর দুটি কাদের, তা জানা যায়নি। মসজিদের নিচতলার জায়গাটি শিক্ষার্থীদের আরবি পড়াতে ব্যবহার করা হয়।
কীভাবে যাবেন:
প্রিয় লোকাল গাইডস, ঢাকা থেকে বরিশালের সড়কপথে, নদীপথে এবং আকাশ পথে যোগাযোগের ব্যবস্থা আছে। এর যেকোনো পথে বরিশাল শহরে এসে ব্যাটারি চালিত অটোরিক্সায় করে উত্তর কড়াপুর গ্রামে পৌছাতে পারবেন। যাওয়ার পথে নবগ্রাম রোড ব্যবহার করে খুব সহজেই এই গ্রামে চলে আসতে পারবেন। আর তাই ব্যাটারি চালিত বাহনের চালককে এই পথ দিয়ে নিয়ে যেতে বলতে পারেন। সাধারন পরিবহনে আসলে অবশ্যই কড়াপুর পপুলার হাই স্কুলের সামনে নামতে হবে। এরপর মাত্র পায়ে হাঁটা ১৫ মিনিটের পথ পাড়ি দিলেই দেখতে পাবেন এই মসজিদটির।
Maps Link: https://goo.gl/maps/9Rg7CrYwHhddLdwE9
ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।


