মুন্সীগঞ্জ জেলায় মুঘল আমলের কয়েকটা নিদর্শনের মধ্যে অন্যতম হলো মিরকাদিম ব্রিজ বা পোলঘাটার ব্রিজ। এটা ঠিক কত সালে নির্মান করা হয়েছিল তা আজও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এটা যে মুঘল আমলের নিদর্শন তার ব্যাপারে সবাই একমত। সাধারণত আমরা ব্রিজ নির্মানের সময় যে ধরনের স্ট্রাকচার দেখতে পাই তার পুরোপুরি ব্যতিক্রম এ ব্রিজটি। শুরু থেকে মাঝখান পর্যন্ত একেবারে সোজা উঁচু হয়ে উঠে গেছে এটি। আর উঁচু থেকে একেবারে সোজা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে।
ব্রিজটি মূলত ধুনকাকৃতির ও তিন খিলান বিশিষ্ট।এটি নির্মানের সময় চুন- সুড়কি ব্যবহৃত হয়েছে। এটি লম্বায় প্রায় ৫২.৪২ মিটার। এলাকায় জনশ্রুতি রয়েছে যে, এই ব্রিজটি মানুষদের না বরং জ্বীনদের তৈরি। জ্বীনেরা নাকি একদিন রাতে এই ব্রিজটি নির্মান করা শুরু করে প্রায় দুই-তৃতীয়াংশ শেষ করে ফেলে। কিন্তু যখন ফজরের নামাজের আজান হয়ে যায় আর মানুষজন ঘুম থেকে জেগে ওঠে তখন কিছু মানুষ নাকি জ্বীনদের দেখে ফেলে। যার ফলে তারা কাজ পরিপূর্ণ না করেই চলে যায়। আর পরবর্তীতে মানুষ কিছুদিন অপেক্ষার পর এলাকার মানুষজন মিলে বাকি অংশটুকু পরিপূর্ণ করে দেয়।
কিভাবে আসবেনঃ ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের লঞ্চযোগে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এসে নামবেন। তারপর অটোরিকশায় করে একেবারে সরাসরি প্লেসে চলে যাবেন।আবার গাড়িতে আসলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে মুক্তারপুর ব্রিজের নিচে নেমে সেখান থেকে সরাসরি অটোরিকশা ভাড়া করে চলে যাবেন।

