বিশ্বের সবচেয়ে কমদামী হোটেলের তালিকায় অন্যতম ঢাকার ফ্লোটিং হোটেল।
ঢাকার বুড়িগঙ্গা নদীতে বাবুবাজার সেতুর ঠিক নিচেই মিটফোর্ড মর্গের পাশেই আছে বেশ কিছু ভাসমান হোটেল। আসলে সেখানে নদীর তীরে বাঁধা আছে কয়েকটি নৌকা। সেই নৌকাকেই হোটেলে আকার দেওয়া হয়েছে। থাকার বন্দ্যোবস্তও রয়েছে। আছে বেশ কিছু সুযোগ-সুবিধাও। কম টাকায় থাকা যায় সেখানে । তাই ওই হোটেলের ঘরে এসে থাকেন অনেকেই।
হোটেল হিসেবে সাজানো নৌকাগুলি দোতলা। এই রকম অন্তত পাঁচটি ভাসমান হোটেল আছে সেখানে। নৌকার মধ্যেই হোটেলের রুমের মতই আছে অনেকগুলি ঘর। সেগুলির উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ছ’ ফুট, সোয়া চার ফুট ও আড়াই ফুট। আকার অনুযায়ী, প্রতিটি ঘরের ভাড়া ৫০ টাকা থেকে ১৫০ টাকা। তবে ১৫০ টাকার ঘরগুলি তুলনায় একটু বড়। সেখানে একসঙ্গে পাঁচ জন মানুষ থাকতে পারেন। ভাড়া অল্প হলেও এসব হোটেলের যাঁরা থাকেন তাঁরা কম সুবিধা পান না। শীতের সময়ে লেপ, কম্বল, তোষক, বালিশ, পানীয় জল, মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিক সুবিধার ব্যবস্থা আছে এখানে। ওই ঘরগুলি সকাল ছ’টা থেকে রাত দু’টো পর্যন্ত খোলা থাকে।

