ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত, ইস্পাতের কাঠামোর ওপর নির্মিত ১৬ ফুট প্রস্থ এবং ১৫০ ফুট উচ্চতার স্বাধীনতা স্তম্ভটি ইতিমধ্যেই ঢাকা বাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাঁচ যা সূর্যের আলো প্রতিসরিত ও প্রতিফলিত করে। রাতে আলোকচ্ছটা তৈরির জন্য রয়েছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা। রাতেও কৃত্রিম আলোর প্রজেকশনে টাওয়ার ও নিচের জলাধার সৃষ্টি করে এক নয়নাভিরাম পরিবেশের। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত টাওয়ারটিতে কৃত্রিম আলোর ব্যবস্থা রাখা হয়েছে। স্বাধীনতা টাওয়ারের নিচেই রয়েছে ভূগর্ভস্থ মিউজিয়াম। এ মিউজিয়ামে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নানা ঐতিহাসিক ঘটনাবলীর ছবি।
২৬ মার্চ ২০১৫ তারিখে স্বাধীনতা স্তম্ভ ও জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রতি শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। সর্বসাধারণের জন্য প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য প্রবেশমূল্য ২ টাকা।
